প্রকাশ :: ... | ... | ...

কক্সবাজারে গ্রিন টুরিজম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ অনুসরণপূর্বক পর্যটন নগরী কক্সবাজারে 'গ্রিন টুরিজম' বাস্তবায়নের লক্ষ্যে পর্যটন খাতের অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট, রবিবার, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান জনাব মোজাফফর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক। ​সভায় সরকারের পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন গড়ে তোলার প্রতিশ্রুতির কথা তুলে ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ইতোমধ্যে স্থাপিত ৮০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ (Solar PV) ব্যবস্থার দৃষ্টান্ত উপস্থাপন করা হয়। বক্তারা উল্লেখ করেন, সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির সফল ব্যবহারের ক্ষেত্রে এটি একটি অনুকরণীয় উদাহরণ। ​প্রধান অতিথি ও সভাপতি যৌথভাবে কক্সবাজারের সকল হোটেল, রিসোর্ট ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের ভবনের খালি ছাদ কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের আহ্বান জানান। এর মাধ্যমে পরিবেশবান্ধব, জ্বালানি-সাশ্রয়ী ও টেকসই পর্যটন ব্যবস্থার অংশীদার হতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়। ​সবুজ জ্বালানি, টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উদ্যোগের সমন্বয়ে একটি সর্বাধুনিক ও পরিবেশবান্ধব 'গ্রিন কক্সবাজার' গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মাধ্যমে সভাটি শেষ হয়। শু/আজা