নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল : লুৎফুর রহমান কাজল এমপি কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সাংবাদিক সমাজের অধিকার আদায়ে আপোষহীন ছিলেন সবসময়। মৃত্যুর আগেরদিন পর্যন্ত শুদ্ধ ও বস্তুনিষ্ঠ সংবাদ চর্চায় উৎসাহ দিয়ে গেছেন সবাইকে। শনিবার (২৫ জুলাই) বিকাল ৫ টায় সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ সংসদীয় আসনের এমপি আলহাজ্ব লুৎফুর রহমান কাজল উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠা ও সাংবাদিকতার লালন, সাংস্কৃতিক কর্মকান্ড ও পত্রিকা পরিচালনায় আতাহার ইকবাল ছিলেন অন্যতম স্বপ্নদ্রষ্টা। তাঁর লেখনীর কারণে পর্যটন নগরীতে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক এমআর মাহবুব-এর সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, সাংবাদিক আতাহার ইকবাল একজন নির্ভীক ও পেশাজীবী সাংবাদিক ছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের সকলের কাছে একজন প্রিয় মানুষ হয়েছিলেন। আমাদের সাথে জাতীয়তাবাদীর রাজনীতিও করেছিলেন। তার চলে যাওয়া আমাদের জন্য বেদনার। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রেসক্লাব সদস্য ও দৈনিক হিমছড়ি'র নির্বাহী সম্পাদক হুমায়ুন সিকদারের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী। মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবন ও সাহিত্য সংস্কৃতিতে অবদানের উপর স্মৃতিচারণ করেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি বদিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাবেক সভাপতি ও গবেষক সিনিয়র সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক রুহুল কাদের বাবুল, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি'র সম্পাদক আলহাজ্ব হাসানুর রশিদ, সাধারণ সম্পাদক এসএম জাফর, কক্সবাজার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুর্শেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক বার্তা'র জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, বাংলাদেশ বেতার কক্সবাজারের বার্তা প্রধান আজাদ মনসুর। উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার সম্পাদক এম. বেদারুল আলম, ইউনিয়নের সদস্য দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি গোলাম আজম খান, সিবিএন'র বার্তা সম্পাদক ইমাম খাইর, সাঈদ জালাল উদ্দীন, নুরুল আমিন হেলালী, প্রেসক্লাব সদস্য এটিএন বাংলার কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, সিরাজদ্দৌলা হেলালী, আজকের দেশবিদেশ এর সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, এসএ টিভির কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আহসান সুমন, স্টার নিউজের কক্সবাজার প্রতিনিধি মুহিব্বুল্লাহ মুহিবসহ কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রয়াত আতাহার ইকবাল এর একমাত্র সন্তান নাফিস আবিদ প্রিয়ম বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আমার বাবার কর্ম, তার চিন্তাবোধ ও তার সততার প্রতি যে সংগ্রাম ছিলো, সবকিছুকে আপনারা আপনাদের হৃদয়ে ধারণ করবেন। তাহলেই আমার বাবা চিরকাল বেঁচে থাকবেন।