প্রকাশ :: ... | ... | ...

গাইবান্ধায় তিন দিনের জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত রোববার


সংযুক্ত ছবি

দেশি-বিদেশি মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইজতেমা ময়দান। উপজেলার কাটাবাড়ি মোড় এলাকায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার মাঠে শুক্রবার (২০ নভেম্বর) শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। এতে গাইবান্ধার বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা অংশ নিচ্ছেন। বিদেশি তাবলিগ জামাতের সদস্যরাও ইতিমধ্যে ময়দানে অবস্থান নিয়েছেন। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জুমার নামাজের পর বয়ান করেন ঢাকার কেন্দ্রীয় মারকাজ মসজিদের মুরুব্বি মুফতি ওসামা। আগামী রোববার (২২ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের এ আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে। আয়োজকেরা জানান, ইজতেমায় ঢাকার মারকাজের মুরুব্বিদের পাশাপাশি বিদেশি জামাতের মুরুব্বিরাও পর্যায়ক্রমে বয়ান করবেন। ধর্মীয় আলোচনা, নসিহত ও দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে মুসল্লিরা ময়দানে সমবেত হচ্ছেন। গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের জিম্মাদার অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ইজতেমায় অংশ নিতে ইন্দোনেশিয়া ও সুদানসহ কয়েকটি দেশের তাবলিগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার থেকেই ময়দানে অবস্থান করছেন। ইজতেমায় আগত মুসল্লিদের থাকা, খাওয়া ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পলাশবাড়ী উপজেলার তাবলিগ জামাতের সাথি মামুনুর রশীদ ও আহসান হাবীব জানান, মাঠ প্রস্তুত ও প্যান্ডেল নির্মাণের পাশাপাশি অস্থায়ী অজুখানা, টয়লেট, গোসলখানা এবং পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় পরিস্থিতি সামাল দিতে বিকল্প হিসেবে জেনারেটরও রাখা হয়েছে। নিরাপত্তার বিষয়ে তাঁরা জানান, মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাবলিগ জামাতের পক্ষ থেকে দিনরাত পাহারার ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, গাইবান্ধার সাতটি উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক মুসল্লি এবারের ইজতেমায় অংশ নেবেন। এ লক্ষ্যে ময়দানের প্রস্তুতি ও ব্যবস্থাপনা অব্যাহত রয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ময়দান ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে যানজট নিরসনেও পুলিশ কাজ করছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।