প্রকাশ :: ... | ... | ...

জাপার সাবেক এমপি প্রার্থী মিজানের দলবলসহ বিএনপিতে যোগদান


সংযুক্ত ছবি

২০২৪ সালের নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার তিনি এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। আজ সকালে মেহেন্দীগঞ্জে রাজিব আহসানের বাসায় এ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দীগঞ্জ উপজেলা জাপার সভাপতি আবু মুসা ও সাধারণ সম্পাদক আক্কাস মিয়া, কাজিরহাট থানার সভাপতি ইসমাইল ও সাধারণ সম্পাদক আলমগীরসহ দলের কয়েকশ নেতাকর্মী। মিজানুর রহমান জানান, মেহেন্দীগঞ্জ উপজেলা ও পৌর শাখা এবং হিজলা উপজেলার আংশিক ও কাজিরহাট থানা কমিটির নেতাকর্মীরা তাঁর সঙ্গে বিএনপিতে গেছেন। এ বিষয়ে আক্কাস মিয়া বলেন, জাপায় মিজানকে মূল্যায়ন করা হয়নি। তাই তারা দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। দলত্যাগ করে মিজানুর রহমান বলেন, ‘জাতীয় পার্টি সাংগঠনিকভাবে ভঙ্গুর অবস্থায় রয়েছে। দলের কোনো কার্যক্রম না থাকায় আমরা সংগঠন থেকে সরে দাঁড়িয়েছি।’ দলত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারের নির্বাচনে মনোনয়ন আনার জন্য কেন্দ্রে লোক পাঠিয়েছিলাম। দলের দপ্তর সম্পাদক ফোনে আমাকে জানান আমাকে নাকি তিনি (মিজান) চেনেন না। যে দলের দপ্তর সম্পাদক একজন প্রার্থীকে চেনেন না, তা থেকে বোঝা যায় সেই দলের অবস্থা কী?’ বিষয়টি নিয়ে জাপার অতিরিক্ত মহাসচিব ও দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ইকবাল হোসেন তাপস বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক চেনেন না, তাহলে বুঝে নেন মিজানুর রহমান জাপার কত বড় নেতা! মনোনয়নপত্র প্রার্থীর নিজের হাতে আনতে হবে, তিনি কেন অন্য লোক পাঠাবেন। এখন সুযোগের আশায় অন্য দলে গেছেন।