নব্বইয়ের গণঅভ্যুত্থানে রাজপথে থাকা প্রজন্মের সঙ্গে তুলনা করে শিক্ষার্থীদের প্রশংসা আইনমন্ত্রীর বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় আগের প্রজন্মের চেয়ে অনেক এগিয়ে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোমাদের দেখলে ভয় লাগে। কারণ, তোমরা আমাদের প্রজন্মের চেয়ে মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় অনেক বেশি এগিয়ে। তোমাদের প্রজন্মের নাম জেন-জি।’ শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত ‘চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষাবৃত্তি আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে আইনমন্ত্রী বলেন, শুধু কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়াই এ আয়োজনের লক্ষ্য নয়। এর মূল উদ্দেশ্য পরবর্তী প্রজন্মকে লেখাপড়া, জ্ঞানচর্চা ও মেধার বিকাশে আরও বেশি উৎসাহিত করা। বর্তমান শিক্ষার্থীরা মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমে আগের প্রজন্মের তুলনায় এগিয়ে। তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে মো. আসাদুজ্জামান বলেন, ওই আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার সময় তাঁদের অনেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে। জাফর, জয়নাল, দীপালী সাহা, কাঞ্চন, চিকিৎসক মিলন, নূর হোসেন ও জিহাদসহ অসংখ্য সহযোদ্ধা জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন বিজয় অর্জন করে। তিনি বলেন, ‘নব্বইয়ের গণঅভ্যুত্থানের বিজয়ের পর আমাদের মনে হয়েছিল, গোটা পৃথিবী যেন আমাদের। তখন মনে হতো, আমাদের চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আর কারও নেই।’ তবে পরবর্তী সময়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। গত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁদের অনেকের হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া ৭০০-এর বেশি মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে। তাঁদের অনেকে এখনো ফিরে আসেননি। স্বজনেরা এখনো প্রিয়জনের ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও শাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান টরিক বলেন, তরুণদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের লক্ষ্য শুধু অনুষ্ঠান আয়োজন নয়, বরং ভবিষ্যতের জন্য যোগ্য উত্তরসূরি তৈরি করা। তিনি বলেন, একজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়াও বড় উদ্যোগ। এমন আয়োজন দেখে অন্যরাও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হন। ভালো কাজ করতে গেলে নানা বাধা আসবে, তবে সাহস ও সদিচ্ছা থাকলে তা অতিক্রম করা সম্ভব। আর্থমুভিং গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মজিবুল হক শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে শুরু থেকেই লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করা জরুরি। শুধু সরকারি চাকরিকে একমাত্র লক্ষ্য না ধরে বেসরকারি খাত, উদ্যোক্তা হওয়া, উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনাও বিবেচনায় রাখতে হবে। তিনি আরও বলেন, লক্ষ্য নির্ধারণের পর তা অর্জনে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সময় নষ্ট না করে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। চুয়াডাঙ্গার মানুষ হিসেবে নিজেদের অবস্থান তৈরির পাশাপাশি জেলার সুনাম ও মর্যাদা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরিফুজ্জামান, মাইক্রো-ম্যাক্স টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ন্যাচারাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কে নুর-এ-শহীদ রানা, বঙ্গজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুল হক, রয়্যাল এক্সপ্রেসের পরিচালক মো. শামসুর রশিদ (দীপু) এবং গ্র্যান্ড সৈয়দ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ আসিফুল ইসলামসহ অন্য অতিথিরা। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গার ২০০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নবেল মাহমুদ সূর্যের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হাসান আল নোমান।