এসএসসি ও সমমানের পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফল করা শিক্ষার্থীদের হতাশা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যেতে উৎসাহিত করতে নওগাঁয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। "তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়" প্রতিপাদ্যে ১৭ আগস্ট (সোমবার) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে প্রথমবারের মতো এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন, অভিভাবক মিনানুর রহমান মিনু ও শিক্ষার্থী লাবনী আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা নিজেদের জীবনের সাফল্য ও ব্যর্থতার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "পুরো জীবনই একটি সফলতার গল্প। যারা হেরে গিয়ে আবার নতুন করে জীবন সাজানোর চেষ্টা করেন, তারা কখনোই প্রকৃত অর্থে হেরে যান না" । তিনি বলেন, এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়ার অর্থ জীবন থেমে যাওয়া নয়। বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো করার শক্তি ও সাহস ধারণ করতে হবে। পুলিশ সুপার আরও বলেন, বিশ্বের অনেক সফল ব্যক্তি জীবনের কোনো না কোনো পর্যায়ে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতা থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার কারণেই তাঁরা আজ সফল। তাই একটি পরীক্ষার ফলাফল দিয়ে শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত নয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রত্যেক মানুষ জীবনে সব প্রত্যাশা পূরণ করতে পারেন না। যারা এবার প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের অনেকের মধ্যেই ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। এ জন্য অভিভাবকদের সন্তানের প্রতি আরও যত্নশীল ও সহানুভূতিশীল হতে হবে। তিনি বলেন, জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের পাশাপাশি প্রয়োজন দৃঢ় মনোবল। আজ যারা সফল ও প্রতিষ্ঠিত, তাঁদের অনেকেই জীবনের শুরুতে ছোট ছোট কাজ করেছেন এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছেন। তাই কোনো ফলাফল আশানুরূপ না হওয়ায় হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া যাবে না। শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদেরও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে হবে। আয়োজকদের সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় নওগাঁর ১১টি উপজেলার মধ্যে ৭টি উপজেলার মোট ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে; এগুলোর কিছু এমপিওভুক্ত এবং কিছু নন-এমপিওভুক্ত। শিক্ষার্থীদের এমন ফলাফল থেকে ঘুরে দাঁড়াতে উৎসাহিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ২০ শিক্ষার্থীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। শু/আজা