প্রকাশ :: ... | ... | ...

নওগাঁয় ছাত্রাবাসে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


সংযুক্ত ছবি

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, পড়াশোনার সুবিধার্থে ইমন জননী ছাত্রাবাসের একটি ডাবল রুমে একাই থাকতেন। প্রতিদিন পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ হলেও শুক্রবার রাতে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এতে উদ্বিগ্ন হয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা ছাত্রাবাসে যান। কক্ষের সামনে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে কক্ষের ভেতরে ফ্যানের রডের সঙ্গে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।