নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে ৫ সেপ্টেম্বর এসএসসি-২০২৬ পরীক্ষায় সাফল্য অর্জনকারী পুলিশ পরিবারের সন্তানদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিক সাঈদ, ডিআইজি, রাজশাহী রেঞ্জ। প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই সাফল্যের পেছনে তোমাদের বাবা-মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অতুলনীয়। বাবা-মায়ের ত্যাগ, ভালোবাসা, পরিশ্রম ও অনুপ্রেরণাকে স্মরণ করে জীবনে আরও বড় অবস্থানে পৌঁছাতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, জীবনে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সততা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমকে ধারণ করে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পুলিশ সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানুষের সেবায় নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন। দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের সন্তানদের এমন সাফল্য নিঃসন্দেহে পুরো পুলিশ পরিবারের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার বিষয়। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে তাঁদের অর্জনকে স্বীকৃতি জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের মুখের হাসি এবং অভিভাবকদের গর্বিত অনুভূতিতে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক আনন্দঘন ও আবেগময় পরিবেশ। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রিয় কৃতী শিক্ষার্থীরা আজ তোমাদের সাফল্যে গর্বিত তোমাদের পরিবার, গর্বিত নওগাঁ জেলা পুলিশ পরিবার। তোমাদের এই অর্জন যেন ভবিষ্যতের আরও বড় সাফল্যের প্রথম ধাপ হয়। জ্ঞান, সততা, মানবিকতায় তোমরা এগিয়ে যাবে—এই প্রত্যাশা। এই সাফল্য শুধু একটি পরীক্ষার ভালো ফলাফল নয়; এর পেছনে রয়েছে শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং বাবা-মা ও পরিবারের নিরন্তর উৎসাহ ও অনুপ্রেরণা। তাঁদের এই অর্জন আগামী দিনের পথচলায় আরও বড় স্বপ্ন দেখার সাহস ও প্রেরণা জোগাবে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও পুলিশ কর্মকর্তাগণ সবাই মিলে একযোগে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন এবং পুলিশ পরিবারের এই গৌরবময় মুহূর্তকে স্মরণীয় করে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।