প্রকাশ :: ... | ... | ...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেখলে পুলিশে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর


সংযুক্ত ছবি

শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম চোখে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি সতর্কবার্তা দিয়েছেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ফেনীর দাগনভূঞায় আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী একটি সংগঠন নিষিদ্ধ। ফলে ওই সংগঠনের কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যেন এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, কোথাও নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দিতে হবে। তবে কাউকে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। মন্ত্রী আরও বলেন, দাগনভূঞায় সবাইকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। কেউ শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সমাবেশে মন্ত্রী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান। এ ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএস কায়সার এলিন, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সদস্য সচিব কামরুল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।