প্রকাশ :: ... | ... | ...

পরিচয় লুকিয়ে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম


সংযুক্ত ছবি

আসলাম ফুটবল ভালো খেলতেন। স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায় খেলেছেন। এসএসসির পর ভর্তি হন তেজগাঁও কলেজে। তখন থেকেই জড়িয়ে পড়েন অপরাধে। ১৯৮৬ সালে ফার্মগেটে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। এরপর তাঁর বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ আসতে থাকে। একপর্যায়ে আসলাম যান সুইডেনে। সেখানে কয়েক বছর কাটিয়ে ঢাকায় ফেরেন। এর পর থেকেই তিনি পরিচিত হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’ নামে। দেশের অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ইমিগ্রেশন পুলিশের সূত্র বলছে, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে এসেছিলেন আসলাম। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। জামিনে মুক্তির পর গত ৬ এপ্রিল প্রথমবার ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যান সুইডেন আসলাম। এরপর আগস্ট ও নভেম্বরে আরও তিনবার যাতায়াত করেন। গত আগস্টে দেশে এলে তেজগাঁওয়ে তাঁকে ধরতে অভিযান চালায় ডিবি। তবে পালিয়ে যান তিনি। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, পুরোনো ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় তাঁকে শনাক্ত করা যায়নি। তখন তিনি নিজেকে আলী আকবার পরিচয় দিয়েছিলেন। আজ গ্রেপ্তারের পর তাঁর পরিচয় নিশ্চিত হয়।