পাবনা সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু-কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে। মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ছয়জন হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুণ্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)। ইউপি চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, কয়েকজন একসঙ্গে বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তাঁরা একটি মাচাং ঘরে আশ্রয় নেন। পলিথিন দিয়ে তৈরি ওই ঘরের ভেতরে একটি চৌকি ছিল। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। তিনি বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। কিছুটা সময় পর স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হয়। পরে আহত তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে বলেও জানান তিনি। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই দুর্গম ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। একসঙ্গে ছয়জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।