প্রকাশ :: ... | ... | ...

প্রশাসনিক তথ্য পাচারের অভিযোগ চট্টগ্রাম আরআরএফের এসপির বিরুদ্ধে, জব্দ দুই ফোন


সংযুক্ত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে পুলিশের প্রশাসনিক ও স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পাচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ তদন্তে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। বুধবার চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ডিআইজি বলেন, মঙ্গলবার জাহাংগীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে এর বেশি কিছু বলা সমীচীন হবে না। অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম বলেন, মঙ্গলবার জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। তবে বিষয়টিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না। তাঁর জব্দ করা দুটি ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্রের দাবি, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ডাকা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক ফোন পরীক্ষা করেন। প্রাথমিকভাবে তথ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে বলেও সূত্রটি দাবি করেছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জাহাংগীর আলমের ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত একটি সূত্র পাওয়ার পর তাঁকে ডাকা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অফিস করছেন। তবে তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। এদিকে দুটি ফোন জব্দ থাকায় এসপি জাহাংগীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।