প্রকাশ :: ... | ... | ...

বিয়ের আসর থেকে চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও কনে ও স্বজনেরা


সংযুক্ত ছবি

সিলেটের হবিগঞ্জ থেকে ৪৫ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে রংপুরে এসে প্রতারণার শিকার হয়েছেন ফয়সল নামের এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই কনেকে সাজানোর কথা বলে বরপক্ষের কাছ থেকে প্রায় চার ভরি স্বর্ণালংকার, পোশাক, প্রসাধনী ও নগদ টাকা নিয়ে কনে ও তাঁর পরিবারের সদস্যরা উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার দিবাগত রাতে রংপুর নগরের আগামীর চাষী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরপক্ষ রংপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বরপক্ষের অভিযোগ, বিয়ের জন্য বর ও তাঁর স্বজনেরা রংপুরে পৌঁছানোর পর কনেপক্ষ তাঁদের খাবারের আয়োজন করে। খাওয়াদাওয়া শেষে কনেকে সাজানো এবং স্বর্ণালংকার যাচাইয়ের কথা বলে বরপক্ষের তিন সদস্যকে সঙ্গে নিয়ে নগরের লক্ষ্মী জুয়েলার্স ও একটি পার্লারে যান কনেপক্ষের লোকজন। অভিযোগ অনুযায়ী, পার্লার থেকে বের হওয়ার পর ব্যাটারিচালিত ইজিবাইকে করে বরপক্ষের ওই তিন সদস্যকে নগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের রেখে কনেপক্ষের লোকজন কনেকে সঙ্গে নিয়ে স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ চলে যান। বরপক্ষের দাবি, এ ঘটনায় প্রায় চার ভরি স্বর্ণালংকার, কনের জন্য কেনা প্রায় ৭০ হাজার টাকার পোশাক ও প্রসাধনী এবং নগদ সাত হাজার টাকা খোয়া গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও কনে ও তাঁর পরিবারের কাউকে খুঁজে না পেয়ে তাঁরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। ভুক্তভোগী বর ফয়সল বলেন, রংপুরের একটি পরিবারের সঙ্গে তাঁর বিয়ের কথা চূড়ান্ত হয়েছিল। নির্ধারিত দিনে তিনি ৪৫ জন বরযাত্রী নিয়ে রংপুরে আসেন। সেখানে পৌঁছানোর পর কনেকে সাজানোর কথা বলে কনেপক্ষের লোকজন বরপক্ষের কাছ থেকে প্রায় চার ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ ঘটনায় বরপক্ষের লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে পুলিশ বলেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।