প্রকাশ :: ... | ... | ...

‘বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হওয়া জীবনের বড় ভুল’, পদত্যাগের ঘোষণা নেত্রীর


সংযুক্ত ছবি

রোববার লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়াকে জীবনের বড় ভুলগুলোর একটি বলে মন্তব্য করে সংগঠনটির সব কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রিংকু আক্তার। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আগামী রোববার সংগঠনের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার কথা বলেছেন এই নেত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন রিংকু আক্তার। ৮ মিনিট ৫৩ সেকেন্ডের ওই সম্প্রচারে তিনি সংগঠন ছাড়ার ঘোষণা দেন এবং আগামী রোববার আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান। সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফেসবুক লাইভে রিংকু আক্তার বলেন, ‘আমি কখনো কারও ক্ষতি করিনি, বরং সবসময় মানুষের পাশে থাকতে চেয়েছি। আজ মনে হচ্ছে, এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। আমি কখনো এনসিপি করতে চাইনি। কারও প্রতি বিদ্বেষ থেকে নয়, নিজের মানসিক শান্তির জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে বৈষম্যবিরোধী সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।’ ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন এই নেত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আমি কখনো এনসিপি করতে চাইনি, কখনো করবও না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। আমি এনসিপির নেত্রী নই, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম।’ পারিবারিক জীবনের প্রসঙ্গ টেনে রিংকু আক্তার বলেন, সংসারজীবন রয়েছে এমন একজন নারী হিসেবে তিনি তথাকথিত নোংরা রাজনীতিতে জড়াতে আগ্রহী নন। তিনি বলেন, ‘আমি একজন মেয়ে, আমার সংসার আছে। আমি নোংরা রাজনীতিতে জড়াতে চাই না। আগামী রোববার লিখিত পদত্যাগপত্র জমা দেব।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসা রিংকু আক্তার ফেসবুক লাইভে তার সিদ্ধান্তের কথা জানালেও ঠিক কোন সুনির্দিষ্ট কারণে তিনি সংগঠন ছাড়ছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।