প্রকাশ :: ... | ... | ...

বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগে বদলগাছীতে নবাগত ওসির সভা ছাড়লেন সাংবাদিকরা


সংযুক্ত ছবি

নওগাঁর বদলগাছী থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তাঁর সঙ্গে মতবিনিময় সভা বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকদের দুটি সংগঠনের নেতারা ও সদস্যরা। সভা আয়োজনে সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরির অভিযোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁরা একযোগে সভাস্থল ত্যাগ করেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বদলগাছী থানা প্রাঙ্গণে নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা শুরু হয়। উপস্থিত সাংবাদিকদের পরিচয়পর্ব শেষ হওয়ার পর আয়োজনে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে সভা বর্জন করেন বদলগাছী উপজেলা প্রেসক্লাব ও বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা। সভা বর্জনকারীদের মধ্যে ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনের প্রতিনিধি মো. ফেরদৌস হোসেন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. এনামুল কবির এনাম, সংগঠনটির সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মো. শহীদুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি মুজাহিদ হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, দৈনিক স্বাধীন সময়ের প্রতিনিধি মো. রবিউল ইসলাম, দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি মো. আবু রাইহান লিটন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি মো. রুহুল আমিন, দৈনিক অভয়নগরের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম হিমু এবং দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ফজলে রাব্বি। এ ছাড়া বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি মো. আশরাফুল নয়ন, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি এবিএস রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. রকি হোসেন এবং দৈনিক মুক্ত সকালের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমসহ উপজেলার অন্য সাংবাদিকরা সভা বর্জনে অংশ নেন। এ সময় থানার অন্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। ক্ষুব্ধ সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বৈষম্য তৈরির চেষ্টা করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তাঁদের দাবি, এর আগে বদলগাছী থানায় দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তা কিংবা নওগাঁর পুলিশ সুপার সাংবাদিকদের মধ্যে এ ধরনের বিভাজন সৃষ্টি করেননি। অতীতে সব সাংবাদিককে একই প্ল্যাটফর্মে রেখে উন্মুক্ত মতবিনিময়ের আয়োজন করা হতো। নবাগত ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তাঁরা সভা বর্জনের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে বদলগাছী থানার নবাগত ওসি মো. হাবিবুর রহমান বলেন, আগের দিন সাংবাদিকদের একটি দলের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছিল। বৃহস্পতিবার আরেকটি দলের সঙ্গে মতবিনিময় চলাকালে কয়েকজন সাংবাদিক অসন্তোষ প্রকাশ করে সভা বর্জন করেন। ঘটনাটিকে তিনি অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। এ ঘটনায় বদলগাছীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সবার সঙ্গে সমান আচরণ এবং তাঁদের মর্যাদা নিশ্চিত করতে হবে।