ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে। স্থানীয়রা জানান, জামিলা ভ্যানে করে তার ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়ি মোল্লা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ির কাছাকাছি শাখা সড়কে হঠাৎ তার পরনের ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে সে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জামিলাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাত্র ১৩ বছর বয়সেই জামিলার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে