প্রকাশ :: ... | ... | ...

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, ৪ পিস্তল ও ১৪ গুলি উদ্ধার


সংযুক্ত ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সশস্ত্র চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)। এতে বলা হয়, রোববার দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, অভিযানের সময় টহলদল সীমান্ত এলাকায় চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে ধাওয়া দেয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি ও ২টি দেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে টহলদল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারিরা পালিয়ে যায়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচার রোধে সম্ভাব্য রুটগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। শু/আজা