প্রকাশ :: ... | ... | ...

রংপুরে জটিল রোগে আক্রান্ত ১০০ রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ


সংযুক্ত ছবি

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রংপুরে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১০০ জন রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর সমাজসেবা কার্যালয়ের তালিকাভুক্ত জটিল রোগে আক্রান্ত ৮০০ জনের মধ্যে ২৫৬ জন ‘এ প্লাস’ ক্যাটাগরির রোগীকে সরকারিভাবে অনুদানের চেক দেওয়া হয়েছে। এবার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় আরও ১০০ জন ‘এ প্লাস’ ক্যাটাগরির রোগীর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হলো। যারা এ সহায়তা পেয়েছেন, তারা সবাই সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত। তিনি আরও বলেন, জেলার ‘এ প্লাস’ ক্যাটাগরির সব রোগীর মধ্যে অনুদানের চেক বিতরণের কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং দ্রুতই তা সম্পন্ন করা হবে। চিকিৎসাসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, বিভিন্ন হাসপাতালে ছোটখাটো অস্ত্রোপচারেও রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। তিনি চিকিৎসকদের দায়িত্বশীলতা, পেশাগত দক্ষতা এবং রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি রোগীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করার ওপরও গুরুত্ব দেন তিনি। শু/আজা