যথাযোগ্য মর্যাদায় রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। এ ছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সভায় অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় রাজনীতির গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও অবদানের কথাও বিশেষভাবে তুলে ধরেন তাঁরা। বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে এ দিবসের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সঠিকভাবে তুলে ধরতে হবে। সভায় জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।