প্রকাশ :: ... | ... | ...

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত


সংযুক্ত ছবি

জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৫ আগস্ট বুধবার সকালে নগরীর জুলাই চত্বর স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে শহীদদের অবদান জাতির কাছে চিরস্মরণীয় করে রাখতে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। পরে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শু/আজা