রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বিটুল মিয়া (৩৯) নামে এক রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পীরগাছা স্টেশনে বিরতি দিয়ে সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহম আলীর ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে কর্মরত ছিলেন এবং বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালন করতেন। পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পীরগাছায় বিরতি শেষে সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করলে বিটুল মিয়া ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। বোনারপাড়া জিআরপি (রেলওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শু/আজা