প্রকাশ :: ... | ... | ...

রংপুর মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা ১২


সংযুক্ত ছবি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শাওন (৯ মাস) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন। রোববার (২ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার দিবাগত রাতে হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শাওন নীলফামারী সদর উপজেলার সুইট মিয়ার ছেলে। স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ২০ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাট জেনারেল হাসপাতালে ১ জন, নীলফামারীতে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শু/আজা