প্রকাশ :: ... | ... | ...

রাঙামাটিতে পিকআপ উল্টে চালকসহ ৩ জন নিহত, আহত ৩


সংযুক্ত ছবি

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি পিকআপ উল্টে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে যায়। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন। নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো-ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। ভোরের দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। পরে পিকআপটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুতর আহত শোভা চাকমা (৫২), জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)-কে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। স্থানীয়দের ধারণা, ভোরে সড়কে নিয়ন্ত্রণ হারানোর কারণেই পিকআপটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। শু/আজা