প্রকাশ :: ... | ... | ...

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ, সন্ধ্যা ৭টার পর আলোকসজ্জায় নিষেধাজ্ঞা


সংযুক্ত ছবি

বিদ্যুৎ ঘাটতি কমাতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং এরপর দোকানপাট ও শপিংমলে আলোকসজ্জা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচির কথা জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এর আগে গত ১১ জুন থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে এসব প্রতিষ্ঠান প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। সন্ধ্যা ৭টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাটে সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখতে হবে। সরকারের এই নির্দেশনা দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব আয়োজনও রাত ৮টার মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন সময়সূচি ও আলোকসজ্জা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি কমানো এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই তাদের কার্যক্রম শেষ করতে হবে।