সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হামলায় প্রাণ হারিয়েছেন এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০)। একই ঘটনায় গুরুতর আহত তাঁর বড় ভাই মো. হাসান বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত আব্দুর রহমান রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকার বস্তা ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে। তিনি রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এলাকায় মাদক সেবনের প্রতিবাদ করাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী তারা শেখের ছেলে টিটোনের সঙ্গে আব্দুর রহমানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে টিটোন ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহমান ও তাঁর বড় ভাই হাসানের ওপর হামলা চালান। এতে দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর একটি হাত কেটে ফেলতে হলেও শেষ পর্যন্ত শুক্রবার (১৭ জুলাই) সকালে তিনি মারা যান। অপরদিকে গুরুতর আহত হাসান এখনও আইসিইউতে চিকিৎসাধীন। পরিবারের দাবি, তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পর অভিযুক্ত টিটোন ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তাদের কাউকে এখনো আটক করা যায়নি। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো বলেন নিহতের বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।ৎ শু/আজা