প্রকাশ :: ... | ... | ...

লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা; মূলহোতা ঢাকায় গ্রেফতার


সংযুক্ত ছবি

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩৫)-এর ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রহিদুল ইসলামকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিদুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া (সিঙ্গমারী) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন। কলেজ শিক্ষক আরিফুল ইসলাম এলাকায় জুয়া বন্ধে সচেতনতা সৃষ্টি করতেন এবং অভিযুক্তদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলতেন। জুয়া বন্ধ না হলে পুলিশকে জানানো হবে বলেও তিনি সতর্ক করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় গত ২ আগস্ট আরিফুল ইসলামের পিতা বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন (মামলা নং-০৩)। মামলা দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। র‌্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-৩, ঢাকার একটি যৌথ আভিযানিক দল হাতিরঝিলের নয়াটোলা এলাকায় অভিযান চালিয়ে রহিদুল ইসলামকে গ্রেফতার করে। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। শু/আজা