একজন শিক্ষকের হাত ধরেই শিশুর প্রথম অক্ষর চেনা, জ্ঞানের জগতে প্রবেশ এবং স্বপ্ন দেখার শুরু। সেই শিক্ষকতার মর্যাদা, দায়িত্ব ও সমাজ গঠনে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে ফরিদপুরের সদরপুরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে কর্মসূচিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ‘শিক্ষকই জাতি গঠনের কারিগর’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্টদের উদ্যোগে কর্মসূচি শুরু হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ শাওন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন। আলোচনা সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ফজলুর হক, এফ এম ফায়েজুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. মশিউর রহমান, মোহাম্মদ রাউফুজ্জামান ও নুরুজ্জামান বক্তব্য দেন। বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়; প্রজন্মকে জ্ঞান, মূল্যবোধ ও মানবিকতার আলোয় গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীর চিন্তা, মনন ও চরিত্র গঠনে ভূমিকা রাখেন। তাই শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করা জরুরি। তাঁরা বলেন, একটি শিক্ষিত সমাজ গড়ে উঠলেই কেবল উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ সম্ভব। আর সেই সমাজের ভিত্তি তৈরিতে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর পরিবর্তিত সময়ে শিক্ষার্থীদের শুধু পরীক্ষামুখী না করে নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্ব দেন বক্তারা। আলোচনায় শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষকদের ন্যায্য মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষক প্রতিনিধিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কয়েকজন গুণী শিক্ষককে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়ার মুহূর্তে শিক্ষকদের মধ্যে আনন্দ ও আবেগের পরিবেশ তৈরি হয়। শিক্ষক দিবসের এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ ছিল না। এতে অংশ নেওয়া শিক্ষকদের অনেকের কাছে দিনটি ছিল তাঁদের দীর্ঘ শিক্ষকতা জীবনের দায়িত্ব, অর্জন ও প্রজন্ম গড়ে তোলার স্মৃতি নতুন করে মনে করার একটি উপলক্ষ। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের সেই দীর্ঘ পথচলা এবং সমাজ নির্মাণে শিক্ষকের ভূমিকার কথাই যেন দিনভর উঠে আসে সদরপুরের এই আয়োজনে। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান, সদস্যসচিব তরীকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন আহমেদ ও একাডেমিক সুপারভাইজার নির্মল চন্দ মৃধা উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সদরপুর উপজেলা শাখার সভাপতি আবদুল বারেক মিয়া, সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, শিক্ষক সমিতি সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুস সাত্তার মিয়া, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর আলী খান এবং সদরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনামুল হকসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।