প্রকাশ :: ... | ... | ...

সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন


সংযুক্ত ছবি

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ে প্রধান ফটকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে তার মুক্তি দাবি করেন। মানববন্ধনে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলার সভাপতি সমির কান্তি দে, সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েনের সভাপতি সোহাগ আরেফিন, উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলার সহ-সভাপতি আশীষ কুমার বড়ুয়া, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মিল্টন বিশ্বাস, বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সনৎ কান্তি বড়ুয়া, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি হিমেল চাকমা, রাঙামাটি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক প্রান্ত রনি, নানিয়ারচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেহেরাজ সুজন। কর্মসূচিতে রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দের সঞ্চালনায় সংহতি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। মানববন্ধনে বক্তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী শুধু একজন সাংবাদিক নয়, তিনি অনেক সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত, একজন সমাজকর্মী। গত মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই তাকে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। একজন সাংবাদিককে তুলে নেওয়ার দুইঘন্টা পরও আমরা বুঝতে পারিনি সৈকত রঞ্জনের সঙ্গে ঠিক কী হয়েছে। পরে আমরা পুলিশ সুপারের মাধ্যমে জানতে পারি তাকে ডিবি তুলে নিয়ে গিয়েছে। অথচ তার নামে কোনো মামলা ছিল না, কোনো ওয়ারেন্ট ছিল না। বক্তারা আরও বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে তুলে নেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। এমন ভয়ের পরিবেশ বজায় থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। '২৪ পরবর্তী আমরা ভেবেছি এসব আর হবে না, কিন্তু তা এখনো অব্যাহত আছে। আমরা ভীতিমুক্ত, শঙ্কামুক্ত পরিবেশ চাই এবং সাংবাদিক সৈকতের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। শু/আজা