মৌলভীবাজারের মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে দিনব্যাপী আয়োজন; খাসি ভাষার দুটি বইয়ের মোড়ক উন্মোচন, ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্যোগ ঐতিহ্যবাহী পোশাকে নাচ-গান, লোকজ খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে উদ্যাপিত হয়েছে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় উৎসব ‘সেং কুটস্নেম’। খাসি বর্ষপঞ্জির ১২৭তম বছরকে বিদায় জানিয়ে ১২৮তম বছরকে স্বাগত জানাতে সোমবার (২৩ নভেম্বর) মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা উৎসবে খাসি সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। তাঁদের পরনে ছিল ঐতিহ্যবাহী রঙিন পোশাক। বাঁশ ও সুপারি পাতায় সাজানো মঞ্চে পরিবেশিত হয় খাসি নৃত্য ও গান। উৎসবস্থলে ছিল ঐতিহ্যবাহী পণ্যের স্টলও। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি আয়োজন করা হয় খাসি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতা। তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠা, তীর-ধনুক ও গুলতি চালানো এবং পান গোছানোর মতো প্রতিযোগিতা দর্শনার্থীদের আকর্ষণ করে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অতিথি ও পর্যটকেরাও উৎসবে যোগ দেন। এ উপলক্ষে খাসি ভাষার দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের কাছে খাসি ভাষা, সংস্কৃতি ও হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলা পরিচিত করে তোলা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে বিভিন্ন খাসিয়া পুঞ্জির মানুষের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করা এবং বৃহত্তর সমাজের কাছে নিজেদের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে উৎসবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ‘সেং কুটস্নেম’ শব্দের অর্থ খাসি বর্ষবিদায়। খাসি সম্প্রদায়ের মধ্যে ১৮৯৯ সাল থেকে এ উৎসব পালনের ঐতিহ্য রয়েছে। বাংলাদেশে ২০১১ সাল থেকে বড় পরিসরে উৎসবটি আয়োজন করা হচ্ছে। খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং বলেন, প্রতিবছর ২৩ নভেম্বর তাঁরা পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করেন। ঐতিহ্যবাহী পোশাক, নাচ-গান ও নানা আয়োজনের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। খাসিয়াদের পাশাপাশি বাঙালি এবং দেশি-বিদেশি পর্যটকেরাও এতে অংশ নেন। মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মান্ত্রী ও খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং বলেন, বিভিন্ন খাসি পুঞ্জি থেকে মানুষ এসে উৎসবে যোগ দিয়েছেন। এটি শুধু খাসিয়া সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পর্যটকেরাও আনন্দের সঙ্গে অংশ নিয়েছেন। বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিসন সুছিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিব চৌধুরী। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, খাসিয়া সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।