প্রকাশ :: ... | ... | ...

স্বর্ণ চোরাচালানের পণ্য নয়, রপ্তানিমুখী শিল্পে পরিণত হবে খাত: বাজুস সভাপতি


সংযুক্ত ছবি

স্বর্ণকে চোরাচালানের পণ্য হিসেবে দেখার সুযোগ নেই; বরং দেশি-বিদেশি বিভিন্ন সিন্ডিকেটের কারণে দীর্ঘদিন ধরে স্বর্ণ খাতকে বৈধ কাঠামোর আওতায় আনা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি এনামুল হক খান। শুক্রবার (৩১ জুলাই) যশোর শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত খুলনা বিভাগীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় খুলনা বিভাগের ১০ জেলার জুয়েলার্স সমিতির নেতারা অংশ নেন। এনামুল হক খান বলেন, সরকার স্বর্ণ খাতকে একটি সুনির্দিষ্ট শৃঙ্খলার আওতায় এনে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার উদ্যোগ নিয়েছে। খাতটিকে প্রাতিষ্ঠানিক ও নিয়মতান্ত্রিক করতে ভ্যাট, টার্নওভার ট্যাক্স এবং উৎস কর কমানোর মতো নীতিগত সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বৈধভাবে স্বর্ণ আমদানির সুযোগ সৃষ্টি হওয়ায় দেশের স্বর্ণশিল্প আন্তর্জাতিক বাজারে প্রবেশের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে আন্তর্জাতিক জুয়েলারি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়া। যশোর জেলা বাজুসের সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজুসের কেন্দ্রীয় সহ-সভাপতি আজাদ আহমেদ, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন ও সমীর ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীনসহ খুলনা বিভাগীয় বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।