ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ ভারতের একাধিক শহর। এ আন্দোলনের পেছনের বাংলাদেশেরি ইশারা রয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার সন্ধ্যায় রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধনে এসে এমন মন্তব্য করেন দিলীপ ঘোষ। পুজো উদ্বোধনের পর মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে দিলীপ ঘোষ চাঁদার জুলুম ও তোলাবাজি নিয়ে উদ্যোক্তাদের সতর্ক করেছেন৷ পরে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পঞ্চায়েতমন্ত্রী বলেন, দিল্লির আন্দোলন দেখে ধীরে ধীরে বোঝা যাচ্ছে, ওই আন্দোলনের নেপথ্যে কারা রয়েছেন৷ বাংলাদেশের কয়েকজন মন্ত্রীর সোশ্যালমিডিয়ায় পোস্ট দেখলে অনেক কিছুই বোঝা যাচ্ছে। দিলীপ এদিন আরও বলেন, বিরোধীদের আসলে এখন কোনও কাজ নেই ৷ তাই পুজো আসছে একটু ঘোরাফেরা করুক, শীত আসছে একটু ধর্না দিচ্ছেন৷ পিছনে কী উদ্দেশ্য আছে, তা বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলে বুঝতে পারবেন ৷ বিদেশ থেকে যারা এদেশকে অস্থির করার চেষ্টা করছেন, তাদের অঙ্গুলিহেলনে সব কিছু হচ্ছে৷ কলকাতায় সিজেপির আন্দোলন প্রসঙ্গে দিলীপের মন্তব্য, যে সব দলগুলি উঠে যাচ্ছে, তাদের কাছে আর কোনও প্ল্যাটফর্ম নেই৷ তাই তারা আরশোলারদের ডানা ধরে ঝুলে থাকার চেষ্টা করছে ৷