মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত; কী ধরনের কর্মকাণ্ড, জানায়নি সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদনে তাঁদের নাম উল্লেখ করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজের’ অভিযোগে নিরাপত্তা কর্তৃপক্ষ তাঁদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন। বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুত্ব এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষ রায় বহাল রাখে। এরপর সাজা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।