প্রকাশ :: ... | ... | ...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক


সংযুক্ত ছবি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মনোনীতদের মধ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য রয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরীক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, আইন বিভাগের নাজমুন ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন এবং বায়োটেকনোলজি বিভাগের মুনতাহা বিনতে মুখলেস। প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২০ এর জন্য মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ওলিউল্লাহ, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের খাইরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সোহাগ হোসাইন, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের মোহাম্মদ ইলিয়াস, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাহমুদুল হাসান, গণিত বিভাগের দেলোয়ার হোসাইন, ফলিত রসায়ন বিভাগের ফাতেমাজ্জুরা এবং বায়োটেকনোলজি বিভাগের আল আমিন মিলন। অন্যদিকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১ এর জন্য মনোনীত হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আশিক বিল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আতিকুর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাদিকুর রহমান, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের তারেক মনোয়ার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নাহিদুজ্জামান, গণিত বিভাগের রাসেল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হালিম হোসাইন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তামান্না খাতুন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীর মনোনয়ন আনন্দ ও গর্বের বিষয়। এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। দীর্ঘ সময় পর এই পদকের জন্য শিক্ষার্থীদের মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও শিক্ষার্থীদের কৃতিত্বকে আরও দৃশ্যমান করেছে। তিনি বলেন, এ স্বীকৃতি অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল ও গবেষণায় আরও উৎসাহিত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন তিনি। ইউজিসি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দিতে ইউজিসি প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে। ২০০৫ সালে চালু হওয়া এ পদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে নিজ নিজ অনুষদ বা বিষয়ে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের বিবেচনা করা হয়।