প্রকাশ :: ... | ... | ...

রাবির প্রশাসনিক কর্মসূচি বয়কটের ঘোষণা সাংবাদিকদের, ৩ দিনের আলটিমেটাম


সংযুক্ত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের হামলার ঘটনায় ৩ দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হওয়া পর্যন্ত সকল প্রকার প্রশাসনিক কর্মসূচি ও সংবাদ বয়কটের ঘোষণা দিয়েছে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। সোমবার (৫ অক্টোবর) রাত ১টায় প্রধান প্রশাসনিক ভবনে উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির বলেন, হামলার ঘটনায় দায়ের করা অজ্ঞাতনামা মামলায় তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে মূল অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর জন্য রাবি তিন দিন সময় চেয়েছে; এই তিন দিনের মধ্যে দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরণের কর্মসূচি সাংবাদিকরা কাভার করবেন না। এর আগে, সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবিতে সন্ধ্যা থেকেই প্রশাসন ভবন ঘেরাও করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। প্রক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দিতে পারেননি। পরে উপাচার্য ও উপ-উপাচার্যরা প্রশাসন ভবনে এসে নিজেদের মধ্যে বৈঠক করেন। এ সময় তাদের ভেতরে রেখেই প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা।