প্রকাশ :: ... | ... | ...

আন্তঃসার্ভিসেস সাইক্লিং: প্রথম দিনেই সেনাবাহিনীর দাপট


সংযুক্ত ছবি

ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে ফিওনা লাক্সারি রিসোর্ট প্রথম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ জেল। পুরুষ ও নারী বিভাগের মোট ১৪টি ইভেন্টে শতাধিক সাইক্লিস্ট প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিযোগিতার প্রথম দিনে অনুষ্ঠিত হয় ছয়টি ইভেন্ট। প্রথম দিনেই নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ছয়টি ইভেন্টের মধ্যে পাঁচটিতে প্রথম স্থান অর্জন করেছে দলটি। বাকি একটি ইভেন্টে শীর্ষস্থান দখল করেছে বিজিবি। পুরুষদের ১০০০ মিটার টিম টাইম ট্রায়ালে সেনাবাহিনীর ফয়সল বিশ্বাস প্রথম এবং একই দলের আবদুল্লাহ আল নোমান দ্বিতীয় স্থান অর্জন করেন। এ ইভেন্টে আনসারের আবদুল্লাহ তৃতীয় হন। নারীদের ১০০০ মিটার টাইম ট্রায়ালে সেনাবাহিনীর গীতা রায় প্রথম এবং একই দলের উমাচিং মগিনি দ্বিতীয় স্থান লাভ করেন। বিজিবির নিশি খাতুন হন তৃতীয়। পুরুষদের ৪০০০ মিটার ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়ালে বিজিবির সবুর হোসেন প্রথম স্থান অর্জন করে দিনের একমাত্র ইভেন্টে দলটির জন্য শীর্ষস্থান নিশ্চিত করেন। এ ইভেন্টে সেনাবাহিনীর হেলাল মিয়া দ্বিতীয় এবং একই দলের শরিফুল ইসলাম তৃতীয় হন। নারীদের ২০০০ মিটার ইন্ডিভিজুয়াল পারসুট ট্রায়ালে সেনাবাহিনীর সুবর্ণা বর্মা প্রথম স্থান অর্জন করেন। বিজিবির নিশি খাতুন দ্বিতীয় এবং আনসারের রুমি খাতুন তৃতীয় হন। পুরুষদের এলিমিনেশন রেসে সেনাবাহিনীর মো. শরিফুল ইসলাম প্রথম এবং একই দলের মো. জুয়েল রানা দ্বিতীয় স্থান অর্জন করেন। বিজিবির মো. সুমন রেজা তৃতীয় হন। নারীদের এলিমিনেশন রেসেও সেনাবাহিনীর সাফল্য অব্যাহত থাকে। এ ইভেন্টে সেনাবাহিনীর সুবর্ণা বর্মা প্রথম এবং গীতা রায় দ্বিতীয় স্থান অর্জন করেন। আনসারের মেইপ্রু মারমা তৃতীয় হন।