৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার বালক ও বালিকা এককের শিরোপা জিতেছেন থাইল্যান্ডের প্যাচারাফল লিকুল ও চীনের জিমো সং। শনিবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৭ দেশের ১০৭ খেলোয়াড়ের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। বালক এককের ফাইনালে থাইল্যান্ডের দুই খেলোয়াড়ের লড়াইয়ে দ্বিতীয় বাছাই প্যাচারাফল লিকুল ২-৬, ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন শীর্ষ বাছাই ত্রি শ্রীসেনকে। প্রথম সেটে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান লিকুল। পরের দুই সেটে প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগ না দিয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি। বালিকা এককের ফাইনালে শ্রীলঙ্কার দ্বিতীয় বাছাই ইউহানসা পেইরিসকে সরাসরি সেটে পরাজিত করেন চীনের জিমো সং। ৬-৪, ৬-২ গেমের জয়ে শিরোপা জিতে নেন তিনি। গত ১৩ অক্টোবর শুরু হয়েছিল প্রতিযোগিতার মূলপর্বের খেলা। শনিবার ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের যৌথ স্পনসর আর.এ স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ এম এ জিন্নাহ এবং টুর্নামেন্ট ডিরেক্টর মুয়াম্মার আহমাদ। ১৭ দেশের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে জুনিয়র টেনিসে নিজেদের দক্ষতা তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ভূমিকা রেখেছে।