প্রকাশ :: ... | ... | ...

ক্রিকেটে নতুন ফরম্যাট ‘টেস্ট টুয়েন্টি’, কীভাবে হবে খেলা


সংযুক্ত ছবি

এক দিনে ৮০ ওভারের ম্যাচ, ছেলে ও মেয়েদের রান যোগ করে নির্ধারিত হবে জয়-পরাজয় টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি—আন্তর্জাতিক ক্রিকেটের প্রচলিত তিন ফরম্যাটের বাইরে এবার আসছে নতুন এক আয়োজন, ‘টেস্ট টুয়েন্টি’। নামের সঙ্গে টেস্ট থাকলেও পাঁচ দিন ধরে হবে না খেলা। বরং এক দিনেই শেষ হবে ৮০ ওভারের ম্যাচ। সবচেয়ে বড় বৈশিষ্ট্য, একই দলের হয়ে খেলবেন ছেলে ও মেয়েরা। তাঁদের দুই ইনিংসের রান যোগ করেই নির্ধারিত হবে দলের জয়-পরাজয়। নতুন এই ফরম্যাটের উদ্বোধনী টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে। ফাইনাল ২৯ নভেম্বর। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৩ থেকে ২১ বছর বয়সী ১৬০ জন ক্রিকেটার অংশ নেবেন এই আসরে। তাঁদের নিয়ে গঠন করা হবে চারটি মহাদেশীয় দল। যেভাবে হবে খেলা টেস্ট টুয়েন্টিতে প্রতিটি দলে থাকবেন ৪০ জন ক্রিকেটার—২০ জন ছেলে ও ২০ জন মেয়ে। ম্যাচে ছেলেদের একাদশ খেলবে ছেলেদের বিপক্ষে, মেয়েদের একাদশ খেলবে মেয়েদের বিপক্ষে। দুই পক্ষের ম্যাচের ফল আলাদাভাবে গণনা করা হবে না। বরং ছেলে ও মেয়েদের করা রান যোগ করে তৈরি হবে দলের সম্মিলিত স্কোর। যে দলের মোট রান বেশি হবে, জয়ী হবে তারাই। ধরা যাক, একটি দলের মেয়েরা ২০ ওভারে করলেন ১২০ রান, ছেলেরা করলেন ১৮০। সম্মিলিত স্কোর দাঁড়াবে ৩০০। প্রতিপক্ষের মেয়েরা ১০০ ও ছেলেরা ১৯০ রান করলে তাদের মোট সংগ্রহ হবে ২৯০। সে ক্ষেত্রে ১০ রানে জিতবে প্রথম দল। এই নিয়মে ছেলে ও মেয়েদের পারফরম্যান্স সরাসরি প্রভাব ফেলবে একই ম্যাচের ফলে। এক পক্ষের বেশি রান অন্য পক্ষের কম রান পুষিয়ে দিতে পারে। আবার যেকোনো এক পক্ষের ব্যর্থতায় পুরো দলের জয়ের সম্ভাবনাও কমে যেতে পারে। ৮০ ওভারের ম্যাচে দুই বল ও দুই ধরনের পোশাক ম্যাচটি হবে দুই পর্বে। প্রথম ৪০ ওভার খেলা হবে দিনের আলোয়, লাল বলে ও সাদা পোশাকে। পরের ৪০ ওভার হবে ফ্লাডলাইটের আলোয়, সাদা বলে ও রঙিন পোশাকে। দুই পর্বের রান যোগ করেই নির্ধারিত হবে চূড়ান্ত ফল; মাঝপথে স্কোর নতুন করে শুরু হবে না। ছেলে ও মেয়েদের ইনিংস হবে ২০ ওভারের। বোলিংয়েও থাকবে পৃথক ব্যবস্থা—ছেলেরা বল করবেন ছেলেদের বিপক্ষে, মেয়েরা মেয়েদের বিপক্ষে। প্রতিটি একাদশে সর্বোচ্চ পাঁচজন বোলার ব্যবহার করা যাবে। প্রয়োজনে একজন বোলার সর্বোচ্চ ছয় ওভার করতে পারবেন। অধিনায়ক ইনিংসের দশম ওভার শেষ হওয়ার আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। টসেও থাকছে বাড়তি গুরুত্ব। কোন দল আগে ব্যাটিং করবে, তার পাশাপাশি কোন দলের মেয়েদের একাদশ আগে খেলবে, নাকি ছেলেদের একাদশ—সেটিও নির্ধারিত হবে টসে। ছেলে-মেয়েদের পারফরম্যান্স একই স্কোরবোর্ডে আয়োজকদের লক্ষ্য, ছেলে ও মেয়েদের ক্রিকেটকে একই প্রতিযোগিতার অংশ করা এবং দলের সাফল্যে উভয়ের পারফরম্যান্সকে সমান গুরুত্ব দেওয়া। টুর্নামেন্টটির প্রতিষ্ঠাতা গৌরব বাহিরওয়ানি বলেছেন, ছেলে ও মেয়েদের পারফরম্যান্স যেন সমানভাবে দলের ফল নির্ধারণে ভূমিকা রাখে, সেই ভাবনা থেকেই এই ফরম্যাট তৈরি করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, মাঠের ট্রায়াল ও অনলাইন বাছাইয়ের মাধ্যমে উদ্বোধনী আসরের জন্য ১৬০ জন ক্রিকেটার নির্বাচন করা হয়েছে। খেলোয়াড় বাছাইয়ের দায়িত্বে থাকা গ্লোবাল সিলেকশন কমিটির প্রধান ভারতের কোচ রাজকুমার শর্মা। উপদেষ্টা বোর্ডে রয়েছেন সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন ও স্যার ক্লাইভ লয়েড। পরিচালন কার্যক্রমের দায়িত্বে থাকবেন মাইক ফোর্ডহ্যাম। আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক।