এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অংশ নিতে আগামীকাল থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করছে বাংলাদেশ জাতীয় হকি দল। ভারতের জলন্ধর ও মোহালিতে আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। আসর সামনে রেখে সোমবার ২৬ সদস্যের প্রাথমিক দল এবং কর্মকর্তা ও কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। ঘোষিত দলে অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির সঙ্গে রয়েছেন বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, মেহরাব হাসান সামিন, ওবায়দুল হোসেন জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খিসা মিমো, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরজ্জামান নয়ন, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান সিয়াম, মো. আব্দুল্লাহ, মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান সাজু ও দ্বীন ইসলাম ইমন। দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রাহুল কান্তি রায়। সহকারী ম্যানেজার আকিল সিদ্দিক। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন গেরহার্ড পিটার রাখ। কোচ শহিদুল্লাহ টিটু, ভিডিও অ্যানালিস্ট ইমরান হাসান এবং ফিজিও তৌহিদুল ইসলাম। হকি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত খেলোয়াড়দের বুধবার দুপুর ২টায় ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে। সেখান থেকেই শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি। ক্যাম্পে অনুশীলনের মাধ্যমে দলকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তোলার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের। ছয় দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে স্বাগতিক ভারত, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন। লিগ পদ্ধতিতে হবে প্রথম পর্বের খেলা। লিগ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৭ অক্টোবর ভারতের বিপক্ষে। স্বাগতিকদের মাঠে টুর্নামেন্ট শুরু হওয়ায় প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে জিমিদের। প্রস্তুতি ক্যাম্পে নিজেদের সমন্বয় ও খেলার ছন্দ বাড়িয়ে প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্য থাকবে বাংলাদেশের।