বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফি হ্যান্ডবলে বাংলাদেশকে ৪৭-১৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। সোমবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ২৪-৮ গোলে এগিয়ে ছিল ভারত। একাই ১৩ গোল করে ম্যাচসেরা হন ভারতের ভাবনা। টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে বড় ব্যবধানে হারলেও ফাইনালে ওঠার আশা রয়েছে বাংলাদেশের। আগামীকাল লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলেই ফাইনালে ভারতের সঙ্গী হবে স্বাগতিকরা। বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো বলেন, ভারত ও বাংলাদেশের শারীরিক সক্ষমতা ও হ্যান্ডবলের দক্ষতায় পার্থক্য রয়েছে। তবে আগামী মাস ও বছরগুলোতে নিজেদের উন্নত করে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য তাঁদের। আগামীকাল দুপুর ২টায় ভারত খেলবে নেপালের বিপক্ষে। বিকেল ৪টা ৩০ মিনিটে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।