প্রকাশ :: ... | ... | ...

সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে কে এই মাহি খান


সংযুক্ত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নির্ভরযোগ্য একজন সেন্ট্রাল-ফরওয়ার্ডের খোঁজ চলছে দীর্ঘদিন ধরে। সেই সংকটের সমাধানে প্রধান কোচ থমাস ডুলি এবার নজর ফেলেছেন ইংলিশ নন-লিগ ফুটবলে, যেখানে আলো ছড়াচ্ছেন ১৮ বছর বয়সী তরুণ মোহাম্মদ মাহি খান। চলতি মৌসুমে মলটন এফসির হয়ে সাত ম্যাচে ৯টি গোল করেছেন মাহি। দুর্দান্ত এই পারফরম্যান্সের ওপর ভর করেই আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন তিনি। তার এই অন্তর্ভুক্তির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—জাতীয় দলের গোলখরা কাটাতে এই তরুণ কি নতুন সমাধান হতে পারেন? ১.৮৩ মিটার লম্বা এই রাইট-ফুটেড ফরোয়ার্ড মূলত সেন্ট্রাল-ফরওয়ার্ড হিসেবে খেললেও দুই উইংয়েই সমান দক্ষতায় অবদান রাখতে পারেন। ক্লাব ফুটবলে নিয়মিত গোল করার রেকর্ডই তাকে বাংলাদেশ কোচিং স্টাফের নজর কাড়তে সাহায্য করেছে। ইংল্যান্ডে জন্ম নেওয়া মাহি বর্তমানে ইংলিশ ফুটবলের নবম স্তরের প্রতিযোগিতা 'ইউনাইটেড কাউন্টিজ লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথ'-এর দল মলটন এফসিতে খেলছেন। কেটারিং টাউনের ইউথ সিস্টেমে সাত বছর কাটিয়ে ২০২৪ সালে রাশডেন অ্যান্ড হাইহাম ইউনাইটেডের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় তার। পরবর্তীতে মলটনের যুব ও মূল দলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে ২০২৬ সালের জুলাইয়ে ক্লাবটির সিনিয়র দলে স্থায়ী চুক্তি পান। এর আগে বাংলাদেশের জার্সিতে অনূর্ধ্ব-২০ পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে মাহির। গত আগস্ট ও সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে উজবেকিস্তান, সিরিয়া ও ভারতের বিরুদ্ধে তিনটি ম্যাচেই দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তবে সেই ম্যাচগুলোতে গোল পাননি। ফলে জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা করে নিয়ে নিজের প্রভাব ফেলতে হলে তাকে আরও বড় চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। সেন্ট্রাল-ফরওয়ার্ড পজিশনে মানসম্মত ফুটবলারের অভাব বাংলাদেশ দলের জন্য বরাবরই বড় দুশ্চিন্তার কারণ। স্থানীয় লিগে ক্লাবগুলোর বিদেশি স্ট্রাইকারনির্ভরতার কারণে দেশি ফরোয়ার্ডরা পর্যাপ্ত সুযোগ পান না—এ বিষয়ে আগে একাধিকবার কথা বলেছেন ডুলি। মাহির সাম্প্রতিক গোল করার ফর্ম তাকে কৌতুহল উদ্দীপক সম্ভাবনাময় ফুটবলার হিসেবে তুলে ধরেছে, তবে সেই পারফরম্যান্স এসেছে ইংল্যান্ডের নবম স্তরের লিগে। আন্তর্জাতিক ফুটবলের কঠিন মঞ্চে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন, তা সময়ই বলে দেবে। অনুশীলনে সরাসরি না দেখে মাহিকে স্কোয়াডে নেওয়ার ঝুঁকিটি স্বীকার করেছেন কোচ ডুলি নিজেও। বাংলাদেশ কোচ বলেন, 'এই মুহূর্তে তাকে দলে নেওয়া কিছুটা ভাগ্য পরীক্ষার মতোই। তবে আমাদের বিশ্বাস, যে পজিশনে আমাদের প্রয়োজন, তিনি সেটি পূরণ করতে পারবেন। পরিস্থিতির নিরিখে সিদ্ধান্তটি এমনই।'