পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ করেন। পুলিশ সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎকালে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা ও ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আইজিপিকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন। আইজিপি পারস্পরিক সহযোগিতা ও বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের আগ্রহকে স্বাগত জানান। তিনি দুই দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত ডায়ালগ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, তিনি সাইবার নিরাপত্তা ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পুলিশ কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা কামনা করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।