নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতনকন্ঠ পত্রিকার সম্পাদক বজলুর রহমান, দৈনিক আলোচিত জামালপুর এর নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ঝোকন ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তাঁরা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে সন্ত্রাসীরা প্রকাশ্যে একাধিক গুলি করে হত্যা করেছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে।