প্রকাশ :: ... | ... | ...

রংপুরে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত


সংযুক্ত ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের বাগপুর বাগেহাট গ্রামের পুকুর খুঁড়ির দোলা খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। এ সময় চিৎকার করলে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। মাইকে ঘোষণার পর ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি ইজিবাইক ফেলে পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাঁদের পিছু নিয়ে একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুঁড়ির দোলায় ধানখেত থেকে তাঁদের আটক করেন। সেখানে স্থানীয় লোকজন তাঁদের মারধর করেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ব্যাটারিচালিত ইজিবাইক চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।