প্রকাশ :: ... | ... | ...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতাসহ ৫ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি


সংযুক্ত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিত, পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার চালু ও সিনেট কার্যকরসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। একই দাবিতে সংবাদ সম্মেলনও করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ছাত্রশিবিরের রাবি শাখার নেতারা। সংবাদ সম্মেলনে রাবি ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, শিক্ষার্থীরা আবাসিক হলের সংকটের কারণে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের পাশাপাশি শতভাগ আবাসিকতা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানান তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার চালুর দাবি জানান ছাত্রশিবিরের নেতারা। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের সিনেটে ছাত্র প্রতিনিধি থাকলেও নীতিনির্ধারণ, জবাবদিহিতা ও প্রশাসনিক কার্যক্রমে তাদের কার্যকর কোনো সম্পৃক্ততা নেই। এ কারণে সিনেটকে কার্যকর ও সক্রিয় করার দাবি জানান তারা। এ সময় রাকসুর বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হয়ে আসায় দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা এবং একাডেমিক ক্যালেন্ডারে রাকসু নির্বাচনের সময়সূচি প্রকাশের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। দাবিগুলো বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের নেতারা। শু/আজা