শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘সমাজ, বন্দর, নগর, অলিগলি ও পাড়া-মহল্লা থেকে মাদক পুরোপুরি দূর হোক—এটি দেশের সব নাগরিকের প্রাণের দাবি। আমরা দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক নানা কর্মসূচি পরিচালনা করে আসছি। কিন্তু মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে প্রকাশ্য মহড়া দিয়েছেন, তা আমাদের গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ করেছে। তিনি মূলত এই হীন কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদকেই প্রমোট করেছেন। আমরা এ ধরনের অপতৎপরতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’ তিনি আরো অভিযোগ করেন, সরকার একদিকে মাদকবিরোধী অভিযানের কথা বলছে, অন্যদিকে ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাকর্মীদের মাদক ব্যবসা থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে যেসব মাদক কারবারি আটক হচ্ছে, তাদের একটি বড় অংশই সরকারি রাজনৈতিক বলয়ের সঙ্গে সম্পৃক্ত। আটকের পর নামমাত্র মুচলেকা দিয়ে তারা সহজেই ছাড়া পেয়ে আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। প্রশাসন ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মাদক নির্মূল নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতির সামনে কেবল নাটক মঞ্চস্থ করছে। এসব রাজনৈতিক তামাশা বন্ধ করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। অন্যথায় মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এই ইসলামি দলের নেতা।