প্রকাশ :: ... | ... | ...

প্রধানমন্ত্রীর আগমনে আগে থেকেই সতর্ক ছিল নিউইয়র্ক বিএনপি


সংযুক্ত ছবি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে নিউইয়র্ক বিএনপি। অতীতের অপ্রীতিকর পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে এবং সম্ভাব্য যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে দলটি বিমানবন্দরে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে। জানা গেছে, স্থানীয় সময় সোমবার বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে তার পৌঁছানোর অনেক আগেই টার্মিনাল-১ এর সামনে অবস্থান নেন যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে সুসংগঠিতভাবে পাহারা দেন। জানা যায়, গত বছরের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার বিএনপির পক্ষ থেকে এই কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা জানান, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এসেছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধিদলের কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সেসময় পতিত স্বৈরাচার আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা জেএফকে বিমানবন্দরে বিএনপি ও সরকারের ঊর্ধ্বতন নেতাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপসহ চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তিনি আরও বলেন, ‘বিগত দিনের সেই ন্যক্কারজনক ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বিএনপি সতর্ক ছিল। পতিত স্বৈরাচারী গোষ্ঠীকে এবার আর কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানি দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। রাজপথে নেতাকর্মীদের শক্ত অবস্থানের কারণে অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং প্রধানমন্ত্রীর আগমন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।’ হাবিবুর রহমান সেলিম রেজা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা যাতে নির্বিঘ্নে জেএফকে বিমানবন্দর পার হতে পারেন সেজন্য যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী মূখ্য ভূমিকা রেখেছে। তবে প্রধান সোমবার বিকেল সাড়ে ছয়টায় বিমানবন্দরে অবতরণ করার পর দ্রুত টার্মিনাল-১ হয়ে বের হয়। সেখানে তাকে আমরা স্বাগত জানিয়েছি।’