প্রকাশ :: ... | ... | ...

ডেঙ্গুতে রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ৬৪ রোগী শনাক্ত, মৃত্যু ১


সংযুক্ত ছবি

দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ ৭ অক্টোবর বুধবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ অক্টোবর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন হারুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ অক্টোবর মঙ্গলবার তার মৃত্যু হয়। নিহতের পরিবার জানায়, হারুন ঢাকায় রিকশা চালাতেন। সেখানে থাকাকালে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে গ্রামের বাড়িতে ফিরলে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়। জ্বরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। প্রায় ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৫ জন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন মারা গেছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রংপুরে ৩০ জন, দিনাজপুরে ৩, লালমনিরহাটে ৭, গাইবান্ধায় ১৪ এবং ঠাকুরগাঁওয়ে ১০ জন রয়েছেন। মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭২০ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৭ জন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল বা চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন, পৌর এলাকাসহ প্রতিটি বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সামান্য জ্বর দেখা দিলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।