প্রকাশ :: ... | ... | ...

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ


সংযুক্ত ছবি

গ্রাহক শোষণ ও হয়রানির নামে গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নগরীর প্রেসক্লাব চত্বরে মশাল মিছিলের আগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, প্রধান উপদেষ্টা শওকত হোসেন, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন বিএসসি, বীথি দাস নন্দিনীসহ অন্যরা। বক্তারা বলেন, সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যখন ঊর্ধ্বগতি, তখন নেসকো প্রিপেইড মিটারের নামে গ্রাহক হয়রানি শুরু করেছে। রংপুরবাসীর অনুমতি ছাড়াই জোর করে বাড়ি বাড়ি গিয়ে প্রিপেইড মিটার স্থাপন করছে নেসকো কর্তৃপক্ষ। যেখানে সরকার থেকে বলে দেয়া হয়েছে ডিজিটাল মিটার নষ্ট না হওয়া পর্যন্ত প্রিপেইড মিটার স্থাপন করা যাবে না। সেখানে তারা কিভাবে গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে এমন কাজ করেন। বক্তারা আরও বলেন, নেসকো জানিয়েছে ডিজিটাল মিটার ও প্রিপেইড মিটারে নাকি একই বিল আসে। তাহলে কেনো ডিজিটাল মিটারে আগে একটি বাড়িতে ১ হাজার টাকা বিদ্যুৎ বিল আসলে এখন প্রিপেইড মিটারে তা দেড় হাজার টাকা আসছে। শুধু তাই নয়, বারবার এই মিটার নষ্ট হয়ে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে। এভাবে গ্রাহক হয়রানি করা বন্ধ করতে হবে। এ সময় গ্রাহক শোষণ ও প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ বিদ্যুৎ গ্রাহকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে একটি মশাল মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা নেসকোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।