প্রকাশ :: ... | ... | ...

প্রিপেইড মিটার বাতিল ও অপসারণের দাবিতে রংপুরে নেসকো কার্যালয় ঘেরাও


সংযুক্ত ছবি

প্রিপেইড মিটার বাতিল ও অপসারণ এবং নতুন বিদ্যুৎ সংযোগে পোস্টপেইড মিটার সরবরাহের দাবিতে রংপুরে নেসকো কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। কর্মসূচি থেকে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন এবং নতুন বিদ্যুৎ সংযোগের আবেদনকারীদের পোস্টপেইড মিটার সরবরাহের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়নের জন্য নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর শত শত আবেদনপত্রসহ স্মারকলিপি দেন গ্রাহকেরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর কলেজ রোডের খামার মোড়সংলগ্ন নেসকো কার্যালয় চত্বরে এ ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এর আগে নগরীর শাপলা চত্বর ও লালবাগ থেকে দুটি মিছিল বের হয়ে নেসকো কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ঘেরাও কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, শাহিদুল ইসলাম সুমন এবং ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক নাজনীন বেগম, শাহানারা খাতুন, শফিকুল ইসলাম, রাজা মিয়াসহ অন্যরা। ভুক্তভোগী গ্রাহক শাহানারা খাতুন বলেন, ‘আগে যে লাইট, ফ্যান ও চুলা ছিল, এখনো তাই আছে। বিদ্যুতের ব্যবহার বাড়েনি। কিন্তু প্রিপেইড মিটার লাগানোর পর খরচ তিন গুণ বেড়েছে। আমরা এমন মিটার চাই না। এটি খুলে নিয়ে আগের পোস্টপেইড মিটার ফিরিয়ে দেওয়া হোক।’ আরেক গ্রাহক শফিকুল ইসলাম বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। নেসকোর লোকজন গিয়ে বলেছেন, এখনই প্রিপেইড মিটার না লাগালে পরে ২০ হাজার টাকা জরিমানা হবে, মামলা হবে। বাসার লোকজন ভয়ে কিছু বলতে পারেনি। তারা মিটার লাগিয়ে চলে গেছে। এখন প্রতি মাসে আগের চেয়ে অনেক বেশি টাকা বিদ্যুতের পেছনে খরচ হচ্ছে।’ বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘নেসকো প্রতারণার মাধ্যমে জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই মিটার লাগিয়েছে। অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করতে হবে।’ সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু বলেন, ‘শান্তিপূর্ণভাবে গ্রাহকদের অভিযোগের কথা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলো। নেসকো বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ ও দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণ করে আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করবে—এমন প্রত্যাশা করছি। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।’ এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রিপেইড মিটার বাতিলসহ ছয় দফা দাবিতে রংপুর প্রেসক্লাব চত্বরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি। ওই কর্মসূচি থেকে আন্দোলনকারীরা অভিযোগ করেন, সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নেসকো প্রিপেইড মিটারের নামে গ্রাহক হয়রানি শুরু করেছে। এ সময় তারা প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ গ্রাহকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি জানান।