আগামী শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়গুলোতে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির পরিবর্তে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশনা বহাল এবং শিক্ষামন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ ১০ অক্টোবর শনিবার দুপুর ১২টার দিকে রংপুর জিলা স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ‘লটারি নয়, মেধার ভিত্তিতে ভর্তি চাই’সহ বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন অভিভাবক সালাহ উদ্দিন, রাবেয়া সুলতানাসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ বাতিল করে লটারির মাধ্যমে ভর্তির নিয়ম চালু করা হয়। এতে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা সরকারি বিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। লটারির ব্যবস্থাকে একধরনের জুয়া উল্লেখ করে তাঁরা বলেন, নাম উঠলেই ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে একধরনের অবিচার। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষামন্ত্রী লটারির পরিবর্তে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই আশ্বাসে শিক্ষার্থীরা প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু একটি চক্র আবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির পাঁয়তারা করছে বলে তাঁরা অভিযোগ করেন। শিক্ষামন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান অভিভাবকেরা। অন্যথায় মেধাবী শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।